১৫ বছর পর শীতলক্ষ্যায় নৌকা বাইচ, উৎসবে যোগ দিলেন এমপি দিপু ভূঁইয়া
- আপডেট সময় : ০২:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌর এলাকায় শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকা বাইচ দেখতে নদীর তীরে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।
কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা নৌকা নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নদীর বুকে দ্রুতগতির নৌকার প্রতিযোগিতা উপভোগ করতে সকাল থেকেই শীতলক্ষ্যার দুই পাড়ে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় তিনি নৌকা বাইচ উপভোগ করেন এবং আয়োজক ও প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আয়োজক ও স্থানীয়রা জানান, দীর্ঘ ১৫ বছর পর ঐতিহ্যবাহী এ আয়োজন ফিরে আসায় কাঞ্চন ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নৌকা বাইচের মতো গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন স্থানীয় ঐতিহ্যকে নতুন করে প্রাণবন্ত করেছে।
তাদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শীতলক্ষ্যা নদীকে ঘিরে স্থানীয় মানুষের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।












