গুলশানে সিকিউরিটি গার্ডের চাকরি ছাত্রদল নেতার, পাশে দাঁড়ালেন যুবদল নেতা শাহেদ
- আপডেট সময় : ০২:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশান-২ এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন সরকারি মার্চেন্টস ওয়ার্কার (এমডব্লিউ) কলেজ ছাত্রদলের নেতা মো. রিফাত। রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি জীবিকার তাগিদে নিরাপত্তাকর্মীর চাকরি করতে হচ্ছে তাকে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মো. রিফাত সরকারি মার্চেন্টস ওয়ার্কার (এমডব্লিউ) কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তার এই বাস্তবতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।
পোস্টে শাহেদ আহমেদ লিখেছেন,
“বুক ফেটে যাচ্ছে। গুলশান-২ এ সিকিউরিটি গার্ডের চাকরি করছে আমার প্রাণের সংগঠন ছাত্রদলের সরকারি এমডব্লিউ কলেজের সাধারণ সম্পাদক। ভাবা যায়—এগুলোও দেখতে হচ্ছে!”
পরে তিনি রিফাতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, আজ থেকে তারও দায়িত্ব নিলাম আমি।”
শাহেদ আহমেদ নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় একজন নেতা। বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে তাকে সাবেক মহানগর ছাত্রদল সভাপতি এবং বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব হিসেবে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় আন্দোলন-সংগ্রাম, মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় থাকার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
তবে রিফাতের ক্ষেত্রে শাহেদের এই উদ্যোগকে অনেকেই দেখছেন একজন তরুণ রাজনৈতিক কর্মীর দুঃসময়ে পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত হিসেবে।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন কর্মীর জীবিকার সংকটে দায়িত্ব নেওয়ার এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।














