ফতুল্লায় ৬১ পাসপোর্ট, ৫ এনআইডি ও ৬টি সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:২৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন সরকারি দপ্তরের ৬টি সীলসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাশেদ (৪৩), পিতা মৃত জয়নাল, সাং আজিবপুর, থানা সিদ্ধিরগঞ্জ; মো. আব্দুল্লাহ তানহা (৩৯), পিতা মৃত আব্দুল জব্বার, সাং ভূইগড় শান্তিধারা, থানা ফতুল্লা এবং মো. মহসিন বেপারী (৩২), পিতা মোশারফ বেপারী ওরফে মোসা বেপারী, সাং দক্ষিণ শিয়াচর, থানা ফতুল্লা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাশেদের ভাড়া করা কক্ষে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন সরকারি দপ্তরের ৬টি সীল উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধার করা সীলগুলোর মধ্যে রয়েছে—চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারী পাবলিক এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা সীল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার ধারায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।














