সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে প্রাণ গেল ৩ শিক্ষার্থীর, উদ্ধার মরদেহ
- আপডেট সময় : ১২:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তিন স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
নিহতরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থীই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। পরে স্কুলে না গিয়ে চার বন্ধু ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও বাকি তিনজন নিখোঁজ হয়।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঢাকার ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টার দিকে আবিরের মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।
উদ্ধার করা মরদেহগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



















