জামালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আইডি কার্ডে শনাক্ত নারায়ণগঞ্জের তরুণী
- আপডেট সময় : ০১:৫৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাহমিনা আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে ওই তরুণী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরে নিহত তরুণীর সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ ও কলেজের আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। আইডি কার্ডের তথ্য অনুযায়ী, নিহত তাহমিনা আক্তার নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের বোটানি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনার সময় তার পরনে বোরকা ছিল। মাথায় গুরুতর আঘাতের কারণে চেহারা দেখে তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে বলে জানা গেছে।
বর্তমানে নিহত তরুণীর মরদেহ জামালপুর জিআরপি থানায় রাখা হয়েছে।
এদিকে, তাহমিনা আক্তারের পরিবারের সদস্য, স্বজন অথবা পরিচিত কেউ তার সন্ধান জানলে দ্রুত জামালপুর জিআরপি থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
তাহমিনা আক্তারের পরিচয় ও পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।


















