নারায়ণগঞ্জসহ দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৮৮
- আপডেট সময় : ০৩:০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই বাড়ছে। বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে নারায়ণগঞ্জে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪১ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪২৭ জন, বরিশালে ১৭০, খুলনায় ১৬৩, চট্টগ্রামে ১২৩, ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৪৯ এবং রংপুরে ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮৬ জন।
নারায়ণগঞ্জে পরিস্থিতি উদ্বেগজনক,,
নারায়ণগঞ্জেও ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে জেলায় ৭১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২৫০ জন এবং বন্দর উপজেলায় ২৩৯ জন আক্রান্ত হন। এছাড়া সোনারগাঁয়ে ১০০, আড়াইহাজারে ৫৩ এবং রূপগঞ্জে ৪৯ জন আক্রান্ত হয়েছেন।
সেপ্টেম্বরের শুরুতেও সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে নতুন করে ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে সরকারি হাসপাতালগুলোতেও রোগীর চাপ বেড়েছে।
স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ কয়েকটি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ার তথ্য উঠে এসেছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ার পাশাপাশি নগর ও উপজেলা পর্যায়ে এডিস মশার প্রজননস্থল নিয়েও উদ্বেগ রয়েছে।
সচেতনতার বিকল্প নেই,,
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে শুরু থেকেই সতর্ক থাকতে হবে। বাসাবাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ এসব জায়গায় এডিস মশা বংশবিস্তার করতে পারে।
জ্বর, মাথাব্যথা, শরীর ও চোখের পেছনে ব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।






















