এনবিআরের ৫১ কর্মচারীকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি
- আপডেট সময় : ০৪:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের অধীন বিভিন্ন দপ্তরে কর্মরত ৫১ জন কর্মচারীকে পদোন্নতি দিয়ে ১০ম গ্রেডের ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ (এআরও) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেতনক্রমে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের ৯ আগস্টের স্মারক এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১ আগস্টের স্মারকের ভিত্তিতে এ পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাব-ইন্সপেক্টর, সিপাই, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, রেডিও অপারেটর, ক্যাশিয়ার, অফিস সুপারিনটেনডেন্ট এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি অথবা নির্ধারিত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি যোগদানের তারিখ থেকে এক বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে এ শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
শিক্ষানবিশকাল শেষে সন্তোষজনক আচরণ ও কর্মসম্পাদন এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি স্থায়ী করা হবে।
এ ছাড়া প্রশিক্ষণ শুরুর আগে কর্মকর্তাদের ৩০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। শিক্ষানবিশকাল অথবা প্রশিক্ষণ শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণকালীন প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার শর্তও রাখা হয়েছে।
এনবিআরের নির্ধারিত দেশের যেকোনো কাস্টমস ও ভ্যাট-সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্ব পালনে কর্মকর্তাদের বাধ্য থাকতে হবে। বিপিএসসির সুপারিশ অনুযায়ী তাঁদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে এবং চাকরির অন্যান্য বিষয় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত হবে।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় নারায়ণগঞ্জের রিয়াজুল ইসলাম মোল্লাসহ দেশের বিভিন্ন জেলার ৫১ জন কর্মচারী রয়েছেন।






















