রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার, একটি পিকআপভ্যান, দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ভোররাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাত দলের সদস্যরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করেন।
পরে ডাকাতরা ঘরের আলমারি ভেঙে প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনার পর রূপগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত ও তল্লাশি করে লুণ্ঠিত স্বর্ণালংকারের একটি অংশ, দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর মাধবদী এলাকার তামজিদ মিয়া, শাহিন মিয়া, শামিম মিয়া, হৃদয় দাস এবং কুমিল্লার হোমনা এলাকার শরিফ মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















