সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলা, মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলায় আক্তার হোসেন (৫৫), মিজানুর রহমান (৪২), সবুজ শেখ (৫৪) ও আব্দুল্লাহ (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে আরিফুল ইসলাম (২৮)কে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলায় ৩০ পিস ইয়াবাসহ আকাশ (২৬) ও রাজু (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় মনির হোসেন (৪৮) ও মাকসুদা আক্তার মিথিলা, পূর্বের চুরি মামলায় রাকিব (৩৪), সাব্বির (২৫) ও জুম্মান মোল্লা (৩০) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় রাসেল (৫০), আমির হোসেন (২৪), আক্তার হোসেন (৩৭) ও রাজন সরদার (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ১৬ জনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















