সিদ্ধিরগঞ্জে কনটেন্ট কিউটর রাহীর মালামাল চুরির অভিযোগ, কেয়ারটেকারের অভিযোগ —নিজেই সরিয়ে নিয়েছেন মালামাল
- আপডেট সময় : ১২:৪৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার বাসার মালামাল চুরি ও বাড়িভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ভাড়াটিয়ার মালামাল চুরির অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন বাড়ির কেয়ারটেকার মো. শামীম। তাঁর দাবি, বাসা থেকে কোনো মালামাল চুরি হয়নি, বরং ভাড়াটিয়া নিজেই মালামাল সরিয়ে নিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. শামীম (৪৫) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগে তিনি তানভীর আহমেদ রাহি (২৭) ও আরও কয়েকজনের বিরুদ্ধে বিরোধের কথা উল্লেখ করেন।
অভিযোগকারী শামীমের ভাষ্য অনুযায়ী, তানভীর আহমেদ রাহি ওই বাড়িতে প্রায় দুই মাস ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। দুই মাসের বাড়িভাড়া বাবদ ২৪ হাজার টাকা পরিশোধ করা হয়নি বলে তিনি দাবি করেন। এ ছাড়া গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভাড়াটিয়ার বাসার কিছু মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে কেয়ারটেকার শামীমের দাবি, ভাড়াটিয়ার বাসা থেকে কোনো মালামাল চুরি হয়নি। তানভীর আহমেদ রাহি নিজেই তাঁর মালামাল সরিয়ে নিয়েছেন। ভাড়ার টাকা চাইতে গেলে বিরোধের সৃষ্টি হয় এবং পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও জানান, বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
তবে অভিযোগে উল্লিখিত তানভীর আহমেদ রাহি ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।



















